পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের অংশীদার হলো বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনস (আইএফসি)। সম্প্রতি সিটি ব্যাংক আইএফসির নামে সাড়ে ৪ কোটি নতুন শেয়ার ইস্যু করেছে। এদিকে আইএফসির পক্ষ থেকেও এই শেয়ারের মূল্য পরিশোধ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর.কে. হুসেইন আইএফসির ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের রিজিওনাল হেড, এশিয়া ও প্যাসিফিক ভিত্তরিও ডি বেল্লোর হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কোম্পানি সূত্রে জানা গেছে, সিটি ব্যাংক আইএফসির কাছে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়ামসহ ২৮ টাকা ৩০ পয়সা দরে ৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩টি শেয়ার ইস্যু করেছে। এজন্য আইএফসিকে দিতে হয়েছে ১৩০ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ১১৩ টাকা।
এতে করে ব্যাংকটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৯২১ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৬৪০ টাকায়। আগে এ মূলধন ছিল ৮৭৫ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৩১০ টাকা।
এছাড়া শেয়ার প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৭৯৬ টাকা। এর আগে যা ছিল ৬৬ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৩ টাকা।
২০১৬ সালের ২ জুন সিটি ব্যাংককে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি নতুন শেয়ার ইস্যু করে ৪৬ কোটি ৯ লাখ টাকা মূলধন বাড়ানোর অনুমতি পায়। যা আইএফসির নামে ইস্যু হবে।
এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে আইএফসি-র একজন প্রতিনিধি বসবেন। ব্যাংকের আশা, আইএফসির পরামর্শ ও সহযোগিতায় এটি একটি বিশ্বমানের ব্যাংকে পরিণত হবে।
আইএফসির নামে শেয়ার ইস্যু করেছে সিটি ব্যাংক
Reviewed by Writews
on
October 04, 2017
Rating:
Reviewed by Writews
on
October 04, 2017
Rating:

No comments: